তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও সাভারের বিভিন্ন কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।
এছাড়া ১০ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে সকালে হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা হলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। এসময় একটি কারখানায় হামলার ঘটনা ঘটে।
আজ বুধবার সকাল সোয়া ৯ টার দিকে খুঁদে বার্তার মাধ্যমে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আজ শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন এবং ১০ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, আরও দুটি কারখানা অন্যান্য কারণে বন্ধ রয়েছে।
আজ সকালে সাভারের হেমায়েতপুরে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করায় সকাল সাড়ে ৮ টার দিকে ছুটি দেয়া হয়। কারখানা থেকে বের হয়ে অধিকাংশ শ্রমিক চলে যান। শ্রমিকদের একটি অংশ পৌনে ৯ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়সহ হেমায়েতপুর থেকে কেরানীগঞ্জ সড়কের কয়েকটি স্থানে অবস্থান নিলে পুলিশ তাদের চলে যেতে বলেন। সড়ক থেকে না যাওয়ায় পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এসময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে একজন পুলিশ সদস্য আহত হন। এছাড়াও হেমায়েতপুরে একেএইচ গ্রুপের স্টচিং কারখানার ফটক এবং কারখানায় ভাংচুরের ঘটনা ঘটে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, আজ সকালে হেমায়েতপুরে স্ট্যান্ডার্ড গ্রুপ, ব্যাবিলন গ্রুপের কারখানা ছুটি দেওয়ার কারণে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পরে শ্রমিকেরা জরো হওয়ার চেষ্টা করলে প্রথমে বুঝানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে।
তিনি বলেন, একেএইচ গ্রুপের কারখানায় ব্যাবিলনের কিছু লোকজন উনারা বহিরাগত অথবা দুষ্কৃতিকারী তারা হামলা করে কিছু ভাঙচুর করেছে। আমরা চারজনকে হেফাজতে নিয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয়জন সদস্য ভোট দেন। শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। আর বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়।







