দিনাজপুর জেলা ব্যুরো প্রধান: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৮ নং সাইতাড়া ইউনিয়ন পরিষদে মাঠ দিবস অনুষ্ঠান পালিত হয়েছে।
চিরিরবন্দর উপজেলার ৮ নং সাইতাড়া ইউনিয়ন পরিষদের খোচনা ওয়ার্ডে আজ রবিবার (১১-১০-২০২৬) ২০২৬-২০২৭ অর্থবছরের “দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)”-এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রীষ্মকালীন শিম (জাত: ৪৫) ও করলা চাষের সফলতা অর্জন সম্পর্কিত প্রযুক্তি এবং কৃষকদের মাঝে টেকসই উন্নয়নশীল তথ্যাদি আলোচনা করা হয়।
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, যেখানে শতকরা প্রায় ৭৫% লোক কৃষিকাজে নিয়োজিত। অনুষ্ঠানে কৃষকদের বারোমাসি ফসল চাষের প্রতি আগ্রহী করে তোলা হয়, যাতে কৃষকেরা তাঁদের পরিবারের চাহিদা পূরণ করার পাশাপাশি অর্থ উপার্জন করে নিজেরা স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হতে পারেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রওশন আলম (পরিচালক; পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, ডিএই, খামারবাড়ি, ঢাকা)। সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মো: রিয়াজ উদ্দীন (অতিরিক্ত পরিচালক, ডিএই, দিনাজপুর অঞ্চল, দিনাজপুর)।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা কৃষিবিদ জোহরা সুলতানা, যিনি নিয়মিত কৃষকদের কৃষি পরামর্শ ও সরকারি সহযোগিতা প্রদান করে আসছেন। ৮ নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনগণের উদ্দেশ্যে তাঁর সেবামূলক বক্তব্য প্রদান করেন এবং সকল শ্রেণির মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।




