মোঃ আব্দুর রশিদ মৃধা স্টাফ রিপোর্টার পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিষিদ্ধ ও ক্ষতিকর জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২টি চায়না দুয়ারি জাল ও একটি ভেসাল জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানকারী দল।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) উপজেলার আলিপুর ইউনিয়নের চাঁদপুরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা নিষিদ্ধ জালগুলো পরে কালামিয়া বাজারে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, চায়না দুয়ারি ও ভেসালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের পোনা, জলজ প্রাণী ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বলেন, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি জেলেদের আইন মেনে মাছ ধরার জন্য সচেতন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহার বন্ধে উপজেলা মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।







