
স্টাফ রিপোর্টার: সোমা ঘোষ মণিকা
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি সফল অভিযানে জেলার সক্রিয় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এই চক্রটি ভেঙে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় ডিবি পুলিশ গত ২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে এই অভিযান পরিচালনা করে। অভিযানটি ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন দিঘারকান্দা, মাসকান্দা ও চরপাড়া এলাকায় পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মোঃ আরিফ ওরফে সাগর (৪৫), পিতা- ফজলু মিয়া, মাতা- মোছাঃ রানু বেগম, সাং- বাঁশবাড়ী কলোনী।
২) মোঃ মারুফ (২৩), পিতা- মৃত লিয়াকত, মাতা- মোছাঃ সখিনা বেগম, সাং- চুরখাই।
৩) মোঃ সানি (২৫), পিতা- মৃত নজরুল ইসলাম দুচাদ, মাতা- মৃত সালমা, সাং- বাঘমারা।
৪) মোঃ রাজু আহাম্মদ (২৮), পিতা- কফিল উদ্দিন, মাতা- সুফিয়া খাতুন, সাং- আকুয়া মোড়লপাড়া।
গ্রেপ্তারকৃত সকলেই কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। মোঃ আরিফ ওরফে সাগরের বিরুদ্ধে রয়েছে ১২টি মামলা, মোঃ মারুফের বিরুদ্ধে ৪টি মামলা, মোঃ সানির বিরুদ্ধে ২টি মামলা এবং মোঃ রাজু আহাম্মদের বিরুদ্ধে রয়েছে ১টি মামলা। এসব মামলার অধিকাংশই ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। তারা বিভিন্ন সময় পথচারী, যাত্রী ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।
বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
ডিবি পুলিশের এই সফল অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী মনে করছেন, এ ধরনের ধারাবাহিক অভিযান অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। একই সঙ্গে পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন।






