বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আওতাধীন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের হারবাং বনবিটে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে উঠছে একের পর এক ছনখোলা।
অভিযোগ রয়েছে, বনভূমি দখলের আগে বড় গাছ কেটে জায়গা পরিষ্কার করা হচ্ছে। এতে শত একর বনভূমি দখলের পাশাপাশি সেগুন, গর্জনসহ বিভিন্ন প্রজাতির গাছ উজাড় হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বন বিভাগের নথিতে জবরদখলের তথ্য থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন বাড়ছে দখলের পরিমাণ।
বন বিভাগের তথ্য অনুযায়ী, হারবাং অভয়ারণ্য এলাকায় সংরক্ষিত ও রক্ষিত বনের পরিমাণ প্রায় ২ হাজার ৬২১ দশমিক ৯৫ একর। এর মধ্যে সরকারি হিসাবে জবরদখলে রয়েছে ২৫১ দশমিক ১১ একর। তবে স্থানীয়দের দাবি, বাস্তবে দখলের পরিমাণ ৫০০ একরেরও বেশি। সরেজমিনে অন্তত ১৫টি স্পটে প্রায় ১০০ একর বনভূমিতে ছনখোলা গড়ে ওঠার চিত্র দেখা গেছে।
বিটের মগঘোনা, চিতার বিল, বনাঘোনা এবং পশ্চিম ভিলেজার পাড়ার দক্ষিণে এসব ছনখোলার অবস্থান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হারবাং স্টেশনের জোবাইর মাঝি নামের এক ব্যক্তির মাধ্যমে প্রতি একর বছরে ৫ থেকে ১০ হাজার টাকা ‘গোপন খাজনা’ নেওয়ার বিনিময়ে কোনো কোনো দখলদারকে জায়গা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে।
গয়ালমারার পশ্চিমে মগপাড়া বিল ও চিতার বিল এলাকায় সরেজমিনে গিয়ে প্রায় ৩০ একর বনভূমিতে গাছ কেটে ছনখোলা তৈরির চিহ্ন দেখা গেছে। স্থানীয়দের দাবি, উত্তর হারবাং মধ্য বৃন্দাবনখীল এলাকার মৃত নূর আহমদের ছেলে মাহমুদুল হকের দখলে ওই এলাকার বনভূমি রয়েছে।
অন্যদিকে বনাঘোনা এলাকাতেও বড় একটি অংশ দখলে রেখে ছনখোলা তৈরির অভিযোগ উঠেছে উত্তর হারবাং করমমুহুরী পাড়ার মৃত শহর আলীর ছেলে আবদুল আজিজ ও একই এলাকার ফাতেমা বেগমের বিরুদ্ধে।
এ ছাড়া গয়ালমারা এলাকার মোহাম্মদ আলী, গাট্টি গফুর, উত্তর হারবাং ভিলেজার পাড়ার হাকিম আলী ও মো. শফি এবং ভান্ডারীর ডেপার আব্দুস শুক্কুরসহ আরও কয়েকজনের দখলে প্রায় ৫০ একর বনভূমি রয়েছে বলে স্থানীয়দের দাবি।
অনুসন্ধানে জানা যায়, মগঘোনা এলাকায় ২০২০-২১ সালে রেলওয়ে প্রকল্পের ৭৫ হেক্টর বাগান ছিল। স্থানীয়দের অভিযোগ, ওই বাগানও দখল করে ছনখোলা তৈরি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ছনখোলা তৈরির জন্য প্রথমে বনের বড় গাছ কেটে জায়গা পরিষ্কার করা হয়। এতে পুরোনো সেগুন, গর্জনসহ বন্যপ্রাণীর খাদ্য ও আশ্রয়ের উপযোগী গাছ কমে যাচ্ছে। বন বিভাগের পুরোনো ব্যবস্থাপনা প্রতিবেদনেও চুনতি এলাকায় বড় গাছের অবক্ষয় এবং অবৈধভাবে গাছ কাটার বিষয়টি উঠে এসেছে।
স্থানীয়দের আরও অভিযোগ, কোনো কোনো এলাকায় ছন কাটার পর সেখানে আগুন দেওয়া হয়। এতে বনজ উদ্ভিদ ও বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অভয়ারণ্য এলাকায় বনভূমি দখল ও গাছ কাটার পাশাপাশি রেললাইন থাকায় হাতি ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা।
সব মিলিয়ে সংরক্ষিত বনভূমি দখল, গাছ কাটা ও ছনখোলা বিস্তারের ঘটনায় বন বিভাগের নজরদারি ও দায়িত্ব পালনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। বন বিভাগের নথিতে জবরদখলের তথ্য থাকার পরও এসব দখল কীভাবে দীর্ঘদিন ধরে টিকে আছে—এমন প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা বনভূমি দখলমুক্ত করে বন ও বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রতিবেদক পরিচয় গোপন রেখে দখলদার মাহমুদুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমার দখলে কিছু ছনখোলা আছে। আমি প্রতিবছর ছন কাটার আগে বন বিভাগের লোকজনকে খাজনা দিয়ে আসছি।’ ছনখোলা তৈরির সময় কিছু গাছ কাটার বিষয়টিও তিনি স্বীকার করেন।
হারবাং বনবিট কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘কিছু ছনখোলা আছে। তবে অচিরেই দখলদারদের উচ্ছেদ করে বন বিভাগের জায়গা পুনরুদ্ধার করা হবে।’
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। এমনকি খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো উত্তর পাওয়া যায়নি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ বলেন, ‘বিষয়টি জানার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছি।’







