বিশ্বব্যাপী জ্বালানি সংকট, জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান মূল্য, পরিবেশদূষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সৌরবিদ্যুৎ বা সোলার এনার্জি এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প জ্বালানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, কৃষি, আবাসিক ভবন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রকল্প—সব ক্ষেত্রেই সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে ক্রমবর্ধমান হারে ।
বিশ্বের সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র চীন। আন্তর্জাতিক বাজারে ব্যবহৃত বিপুল পরিমাণ সোলার মডিউল, সেল, ওয়েফার, ইনভার্টার,ব্যাটারী এবং অন্যান্য যন্ত্রাংশের সরবরাহে চীনা উৎপাদকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত উন্নয়ন, বৃহৎ শিল্প অবকাঠামো এবং সরকারি নীতিগত সহায়তার কারণে চীন তুলনামূলক কম দামে সোলার পণ্য সরবরাহ করতে সক্ষম হয়েছে।
কিন্তু অতি সাম্প্রতিক সময়ে চীনের সরকার কর্তৃক সোলার পণ্যের রপ্তানি কর-রেয়াত নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে । একই সঙ্গে বৈশ্বিক কাঁচামালের বাজার, শিল্প উৎপাদন ব্যয়, পরিবহন খরচ এবং আন্তর্জাতিক বাণিজ্যনীতির পরিবর্তন সোলার শিল্পের ভবিষ্যৎ মূল্য পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—চীনের রপ্তানি কর-রেয়াত প্রত্যাহার এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে সোলার পণ্যের দাম কি বাড়বে? আর যারা বাংলাদেশে সোলার সিস্টেম স্থাপনের পরিকল্পনা করছেন, তাদের এখন করনীয় কি ?
চীনের রপ্তানি কর-রেয়াত নীতিতে পরিবর্তন
চীনের সোলার শিল্পের বিকাশে সরকারের রপ্তানি কর-রেয়াত বা Export VAT Rebate একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে উৎপাদক বা রপ্তানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত হারে ভ্যাটের অর্থ ফেরত পাওয়ার সুযোগ পেত।
এর ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে তুলনামূলক প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহ করতে পারত। অনেক ক্ষেত্রে এই সুবিধার একটি অংশ বিদেশি ক্রেতাদের জন্য কম রপ্তানি মূল্যে সরবরাহ করা সম্ভব হতো।
তবে চীনের সরকার ২০২৪ সালের শেষদিকে এই নীতিতে পরিবর্তন আনে। ১ ডিসেম্বর ২০২৪ থেকে বিভিন্ন পণ্যের রপ্তানি কর-রেয়াত ১৩ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করা হয়। এর মধ্যে সোলার পণ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রেণিও অন্তর্ভুক্ত ছিল।
পরবর্তী সময়ে ৮ জানুয়ারি ২০২৬ তারিখে চীনের অর্থ মন্ত্রণালয় এবং State Taxation Administration নতুন ঘোষণা প্রকাশ করে। সেই ঘোষণা অনুযায়ী, ১ এপ্রিল ২০২৬ থেকে নির্ধারিত তালিকাভুক্ত ফটোভোল্টাইক বা সোলার পণ্যের রপ্তানি ভ্যাট রেয়াত সম্পূর্ণ প্রত্যাহার করা হয়।
অর্থাৎ, বিষয়টি শুধু ভবিষ্যৎ পরিকল্পনা নয়; ২০২৬ সালের এপ্রিল থেকেই এই পরিবর্তন কার্যকর হয়েছে।
এই সিদ্ধান্তের আওতায় সোলার ওয়েফার, সোলার সেল, মডিউলসহ ফটোভোল্টাইক শিল্পের বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।
এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, এটি সরাসরি প্রত্যেক সোলার পণ্যের ওপর ১৩ শতাংশ নতুন শুল্ক আরোপ নয়। বরং রপ্তানির ক্ষেত্রে আগে যে ভ্যাট ফেরত পাওয়ার সুবিধা ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। ফলে উৎপাদক ও রপ্তানিকারকদের প্রকৃত ব্যয় এবং মূল্য নির্ধারণের হিসাব পরিবর্তিত হয়েছে।
কেন চীন এই সুবিধা প্রত্যাহার করল?
চীনের এই নীতিগত পরিবর্তনের পেছনে একাধিক অর্থনৈতিক ও শিল্পনীতিগত কারণ রয়েছে।
প্রথমত, দেশটিতে সোলার প্যানেল উৎপাদনের সক্ষমতা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পেয়েছে। অনেক প্রতিষ্ঠান একই ধরনের পণ্য উৎপাদন করছে। ফলে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় উৎপাদকদের মধ্যে তীব্র মূল্য প্রতিযোগিতা তৈরি হয়েছে।
দ্বিতীয়ত, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কারণে অনেক প্রতিষ্ঠান উৎপাদন খরচের তুলনায় কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হয়েছে। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা কমেছে এবং দীর্ঘমেয়াদে ব্যবসায়িক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।
তৃতীয়ত, আন্তর্জাতিক বাজারে অত্যন্ত কম দামে পণ্য রপ্তানির কারণে বিভিন্ন দেশের উৎপাদকদের সঙ্গে বাণিজ্যিক বিরোধ এবং অ্যান্টি-ডাম্পিং বা ভর্তুকিবিরোধী ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
চতুর্থত, চীন তার সোলার শিল্পকে শুধু উৎপাদনের পরিমাণ বাড়ানোর পরিবর্তে উন্নত প্রযুক্তি, গুণগত মান, দক্ষতা এবং টেকসই মুনাফার দিকে নিয়ে যেতে চায়।
অতএব, রপ্তানি কর-রেয়াত প্রত্যাহারকে শুধু রাজস্ব বৃদ্ধির সিদ্ধান্ত হিসেবে দেখলে ভুল হবে। এটি চীনের বৃহত্তর শিল্প পুনর্গঠন এবং অস্বাস্থ্যকর মূল্য প্রতিযোগিতা নিয়ন্ত্রণের একটি অংশ।







