পার্বতীপুর (দিনাজপুর): গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ খেলাধুলার অন্যতম তৈলাক্ত বাঁশ খেলা। হারিয়ে যেতে বসা এ খেলাকে ঘিরে দিনাজপুরের পার্বতীপুরে ছোট যমুনা নদীর পাড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
খেলাটি উপভোগ করতে নদীর পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ।
পার্বতীপুর উপজেলার ৫নং চণ্ডীপুর ইউনিয়নের বড় হরিপুর, মধ্য ম্যাড়েয়া এলাকায় ছোট যমুনা নদীর পাড়ে এ খেলার আয়োজন করা হয়।
খেলায় নদীর এক পাড় থেকে অন্য পাড়ে টানানো পিচ্ছিল ও তৈলাক্ত বাঁশের ওপর দিয়ে ভারসাম্য রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রতিযোগীরা। বাঁশটি পিচ্ছিল হওয়ায় কিছুদূর এগিয়েই অনেককে নদীতে পড়ে যেতে দেখা যায়। আবার কেউ কেউ কৌশল ও সাহসের সঙ্গে বাঁশ বেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রতিযোগীদের এমন দুঃসাহসিক প্রচেষ্টায় দর্শকদের মধ্যে দেখা দেয় উচ্ছ্বাস ও আনন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ৫নং চণ্ডীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী একরামুল হক মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম, ৫নং চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদ এবং সাবেক ইউপি সদস্য মোতেলব শাহ্। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আধুনিক বিনোদনের কারণে গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে এসব লোকজ খেলার পরিচয় তুলে ধরা এবং গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যেই এ আয়োজন।
স্থানীয়রা বলেন, তৈলাক্ত বাঁশ খেলা নদীপাড়ের মানুষের ঐতিহ্যবাহী বিনোদনের একটি অংশ। এ ধরনের আয়োজন নিয়মিত হলে হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলা ও লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে আরও পরিচিত হয়ে উঠবে।






