নিজস্ব প্রতিবেদক: ক্যানসার চিকিৎসা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ক্যানসার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারকে সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে আগামী ১৬ অক্টোবর শুক্রবার রাজধানী ঢাকায় এক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নতুন আলো সাহিত্য পরিষদ ও সৃজনশীল সাহিত্য বাংলা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে। রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা অডিটোরিয়াম হলে বিকেল ২টায় অনুষ্ঠানটি শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক ও গণস্বাস্থ্য হোমিও প্রতিষ্ঠানের প্রধান পরামর্শদাতা অধ্যাপক কর্নেল (অব.) ডা. শহীদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক ধর্ম ও পানিসম্পদমন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিএনপি নেতা বেগম নজরুল চৌধুরী এবং পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক সরওয়ার তামিজউদ্দিন আহমেদের।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি মিজান চৌধুরী। অনুষ্ঠানে কবি লিটন সিদ্দিকী, ডা. ইকবাল হামিদ, বীর মুক্তিযোদ্ধা ও কবি নজরুল বাঙালি এবং কথাসাহিত্যিক ও প্রকৌশলী বিক্রম এমদাদসহ বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, চিকিৎসা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানানো এবং সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৃজনশীল বিনিময় বাড়ানো এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন চিকিৎসা গবেষণা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং মানুষের কল্যাণে নিয়োজিত পেশাজীবীদের অবদান তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী শুক্রবার বিকেল ২টায় রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা অডিটোরিয়াম হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।







