, ,

কুড়িগ্রামে ধরলার ভাঙনে নিঃস্ব বহু পরিবার: স্কুল-মসজিদ রক্ষায় স্থায়ী বাঁধের দাবি

নিউজটি শেয়ার করুন

একদিকে প্রমত্তা নদী, অন্যদিকে চোখের সামনে ভিটামাটি হারানোর আতঙ্ক—প্রতিদিনই যেন নতুন অনিশ্চয়তা আর আশঙ্কা নিয়ে দিন কাটছে কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চর এলাকার নদীপাড়ের মানুষের।

একের পর এক বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পর এবার মারাত্মক ঝুঁকিতে পড়েছে এলাকার একমাত্র বিদ্যালয়, মাদরাসা, মসজিদ ও কবরস্থান। ধরলা নদীর এই ভয়াবহ ভাঙন থেকে বসতবাড়ি ও সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান রক্ষায় স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
​রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জগমনের চরে আয়োজিত এই বিশাল মানববন্ধনে চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অংশ নেন। হাতে হাত রেখে ও ব্যানার-ফেস্টুন নিয়ে তীব্র আকুতি জানান ধরলার করাল গ্রাস থেকে নিজ এলাকা বাঁচানোর।
​মানববন্ধনে স্থানীয় বক্তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, গত কয়েক বছর ধরে ধরলা নদীর অব্যাহত ভাঙনে জগমনের চর এলাকার শত শত একর উর্বর ফসলি জমি ও ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। ইতিমধ্যেই প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার তাদের ভিটামাটি হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব ও আশ্রয়হীন হয়ে পড়েছে। যেখানে একসময় ছিল মানুষের কর্মমুখর সংসার, হাঁস-মুরগির উঠান আর সবুজে ঘেরা ফসলের মাঠ, সেখানে এখন বইছে নদীর ভয়াল স্রোত।
​এলাকাবাসীর আশঙ্কা, যদি জরুরি ভিত্তিতে নদীর তীর রক্ষায় কোনো বাঁধ নির্মাণ বা কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে চলত বর্ষায় হারিয়ে যেতে পারে চরাঞ্চলের আলো ছড়ানো গুরুত্বপূর্ণ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। নদী সীমানার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, মসজিদ ও সামাজিক কবরস্থানটি। এসব প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হলে শত শত কোমলমতি শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি পুরো চরাঞ্চলবাসীর সামাজিক ও ধর্মীয় জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে।
​নিজের চরম আকুতির কথা জানিয়ে স্থানীয় বাসিন্দা কোবাদ আলী বলেন, “প্রতিবছরই নদী আমাদের ঘরবাড়ি আর জমি কেড়ে নিয়ে পথের ফকির বানাচ্ছে। কতবার যে নদীর কারণে ঘর ভেঙে অন্য জায়গায় সরিয়েছি, তার হিসাব নেই। সরকার থেকে স্থায়ী বাঁধ তৈরি না করে দিলে আমাদের অস্তিত্ব রক্ষা পাওয়ার আর কোনো পথ থাকবে না।”
​সন্তানদের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অপর বাসিন্দা কাশেম আলী বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ আজ চরম হুমকির মুখে। চরাঞ্চলের এই বিদ্যালয়টি নদীগর্ভে চলে গেলে শত শত শিশুর লেখাপড়া চিরতরে বন্ধ হয়ে যাবে। আমরা সরকারের কাছে দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।”
​মানববন্ধনে অংশ নেওয়া ছোট ছোট শিক্ষার্থী ও শিক্ষকদের চোখেমুখেও ছিল গভীর দুশ্চিন্তা ও অনিশ্চয়তার ছাপ। তারা জানান, ভাঙনের আতঙ্কে ক্লাসে পড়ালেখায় মন বসে না। আজ যে স্কুল আর বাড়িটি দাঁড়িয়ে আছে, আগামী বর্ষায় সেটি থাকবে কি না—এমন নিত্যদিনের শঙ্কা নিয়ে তাদের ঘুমাতে হয়।
​মানববন্ধন শেষে ভুক্তভোগীরা জোর দাবি জানান, অনতিবিলম্বে ধরলা নদীর তীর সংরক্ষণে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। কোনো পরিবার যেন আর নতুন করে ভিটামাটি হারিয়ে উদ্বাস্তু না হয় এবং কোনো শিশুর বিদ্যালয় যেন নদীর স্রোতে তলিয়ে না যায়—এ জন্য সরকারের পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন চরাঞ্চলবাসী।