, ,

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

 

অসীম দাস:চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৬ এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে দ্বিতীয়বারের মতো “টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬” আয়োজন করেছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

২৫ নভেম্বর ২০২৬ বুধবার দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনটি হয়ে ওঠে নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও উৎসর্গের এক মিলনমেলা। সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় এই মেধাক্রমের বিষয়টি সম্পর্কে ওয়াকিফহাল নয় তাই এই বিশেষ খবরটি জানাতে এবং মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করতেই এই বিশেষ আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী।

স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননার প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী।

ডাঃ আশীষ বলেন— “চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা সহ সারাদেশের জটিল ও মুমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মোঃ নূরুল ইসলাম; ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল; গণমাধ্যম ব্যক্তিত্ব, চিন্তক ও বিতার্কিক ডাঃ আব্দুন নূর তুষার, শিক্ষকদের পক্ষ থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডাঃ একেএম খালেকুজ্জামান দীপু এবং গণমাধ্যমের পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান, সিইও এন্ড এডভাইজর, এটিএন বাংলা।

নিজ নিজ বক্তব্যে সবাই এই আয়োজনকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ বলে উল্লেখ করেন এবং ব্যতিক্রমী এই আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন বক্তারা । অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত মেধাবী চিকিৎসকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চূড়ান্ত পেশাগত এমবিবিএসপরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া নবীন চিকিৎসকেরা হলেন—

১ম. ডা. সাফিয়া তাসনিম সেমন্তি (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩৩৭)

২য়. ডা. ফারিহা রহমান (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩৩৪)

৩য়. ডা. আল ইশরাত জাহান ঈশিতা (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩০৮)

৪র্থ. ডা. ইসরাত নাজিয়া তানিন (পটুয়াখালী মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯২)

৫ম. ডা. সিফাত-ই-সাদিকা (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯০) – (যুগ্ম)

৫ম. ডা. মো: তৌহিদুল ইসলাম (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯০) – (যুগ্ম)

৭ম. ডা. নামান মুখিজা (ভারত) (তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৯)

৮ম. ডা. নাহিদ ইসলাম শমী (পটুয়াখালী মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৮) – (যুগ্ম)

৮ম. ডা. মাহমুদুন নবী ইমন (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৮) – (যুগ্ম)

৮ম. ডা. আলিফ সানজানা রুমু (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৮) – (যুগ্ম) |

 

হাসপাতালের পক্ষ থেকে শীর্ষস্থানীয় এই ১০ জন মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ (USA) ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং আগত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানায়— এই আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া হবে, যাতে চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধা আরও বিকশিত হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিত উপস্থাপিকা শান্তা জাহান ও সমন্বয় করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।