সীমান্তবর্তী শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর উদ্যোগে সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
অদ্য (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী উপজেলার মারাধর এলাকায় অবস্থিত বাঙ্গালী সরকার মঈনউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি রত্নাই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁও ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁও-এর সম্মানিত সেক্টর কমান্ডার কর্ণেল মুহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি। তিনি সীমান্তবর্তী ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
এছাড়াও ঠাকুরগাঁও সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে এবং ৫০ বিজিবি’র ব্যবস্থাপনায় আয়োজিত মেডিক্যাল ক্যাম্পেইনে সীমান্ত এলাকার প্রায় ৫০০ জন গরীব ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজীর আহম্মদ, বিজিবিএমএসসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজিবির এই মানবিক উদ্যোগকে স্থানীয় জনসাধারণ ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আন্তরিকভাবে স্বাগত জানান এবং এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।







