, ,

চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ

নিউজটি শেয়ার করুন

দুই লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি, প্রাণনাশের হুমকি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ির টিনের বেড়া ও জানালার থাই গ্লাস ভাঙচুর, মাটি কেটে ভবন ধসের ঝুঁকি তৈরি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে অভিযুক্ত করে চৌদ্দগ্রাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আব্দুল কুদ্দুছ (৪৫) নামের এক ব্যক্তি।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী আব্দুল কুদ্দুছের দাবি, বিরোধপূর্ণ জমিটি তাঁর বাবা আবুল বাশারের পৈতৃক সম্পত্তি। বাবার মৃত্যুর পর উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি ভাগ-বণ্টন করে প্রত্যেকে নিজ নিজ অংশ ভোগদখল করে আসছেন। তবে ওই জমির একটি অংশ নিয়ে তাঁর সৎ ভাই আব্দুল ওয়াদুদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সোমবার সকালে তাঁর বসতবাড়ির চারপাশের টিনের বেড়া ভাঙচুর করেন। এ সময় ঘরের জানালার থাই গ্লাসও ভাঙচুর করা হয়। এতে টিনের বেড়ার প্রায় ৫০ হাজার টাকা এবং জানালার গ্লাসের আরও ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।
এ ছাড়া বসতঘরের পূর্ব পাশের ভিটা থেকে মাটি কেটে নেওয়ায় তাঁর নির্মিত দুইতলা ভবনটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার সময় তিনি বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন এবং মারধর ও হত্যার হুমকি দেন। এমনকি ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার পাশাপাশি বসতবাড়ি ভাঙচুর করে জমি দখলে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আব্দুল কুদ্দুছ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন করেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য ও তদন্তের অগ্রগতি জানা গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।