ভেলা
— নাহীদ ফরহাদ রাজু
ভেলায় ভাসে নিথর দেহ,
চারদিকে শুধু বানের জল;
নিস্তব্ধ আকাশ নির্বাক চেয়ে,
স্তব্ধ আজ জনপথের কোলাহল।
কাঁদে স্বজন, কাঁদে জনপদ,
চোখে জমে বিষাদের ঢেউ;
জীবন যেন মৃত্যুর দুয়ারে,
তবু আশার প্রদীপ নেভে না কেউ।
ক্ষুধার্ত শিশুর কাঁপে দুটি হাত,
মায়ের চোখে অশ্রুর ভার;
ভেসে যায় স্বপ্ন, ভাঙে ঠিকানা,
ডুবে যায় সুখের সংসার।
প্রকৃতির এই নির্মম রোষে
নিভে যায় কত জীবনের গান;
তবু মানবতার উষ্ণ স্পর্শে
জেগে উঠুক নতুন প্রাণ।
এসো সবাই, হাতে হাত রাখি,
দুঃখের দিনে হই একাকার;
মানুষের পাশে মানুষ দাঁড়াক—
এই হোক আমাদের অঙ্গীকার।
যেন আর কোনো ভেলার বুকে
না ভাসে প্রিয়জনের লাশ;
ভালোবাসায় গড়ি নতুন ভোর,
ফিরে আসুক জীবনের উল্লাস।



