ময়মনসিংহ নগরীর গোলকীবাড়ী এলাকায় একটি বহুতল ভবন নির্মাণকাজের কারণে পাশের ১টি আবাসিক ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। হেলে পড়া ভবন ৫ তলা হওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার অভাবে ভাড়াটিয়ারা একে একে বাসা ছেড়ে চলে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলকীবাড়ি বাইলেন রোডে নির্মাণাধীন একটি ২০ তলা ভবনের গভীর খনন ও অপরিকল্পিত কাজের ফলে পার্শ্ববর্তী ৫ তলা ভবনের মূল ভিত্তিতে চাপ সৃষ্টি হয়। এর ফলে ভবনটি দৃশ্যমানভাবে হেলে পড়ে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ভবনটিকে পরিদর্শন করেন। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তারা ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন এবং বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেন। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও প্রকাশ করেন তারা।
এদিকে ভুক্তভোগী বাসিন্দারা অভিযোগ করেছেন, যথাযথ অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বহুতল ভবনের নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। তারা দ্রুত নির্মাণকাজ বন্ধ করে ভবনগুলোর কাঠামোগত পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।






