ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায়
জোরপূর্বক সুপারি পেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে, আবুল কাশেমের ছোট ভাই হাশেম ও ভাতিজা তামজিদ এবং হাসনাইনের বিরুদ্ধে। এ বিষয়ে বড় ভাই আবুল কাসেম (৭০) এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী আবুল কাসেম, পিতা মৃত মোকবুল আহমেদ, ০২ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তার ছোট ভাই আবুল হাসেম (৫০) ও তার দুই ছেলে হাসনাইন (৩০) ও তামজিদ (২২) দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন প্রায় ১৮ শতাংশ জমি দখল করে আসছে বলে অভিযোগ করেছেন তিনি।
বাদীর দাবি, ওই জমিতে থাকা সুপারি গাছের ফল তারা নিয়মিতভাবে জোরপূর্বক নিয়ে যায় এবং বাধা দিলে অকথ্য ভাষায় গালাগালীসহ খুর দিয়ে জখম করা ও হত্যার হুমকি দেয়। বিষয়টি একাধিকবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীগণ কোনো সিদ্ধান্ত মানতে রাজি হননি।
বাদী আবুল কাসেম আরও জানান, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে বিষয়টি থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







