কুমিল্লা রিজিয়নে হাইওয়ে পুলিশের শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার পেলেন
মাহাবুবুর রহমান
জাবের আলী, কুমিল্লা থেকে
কর্ম দক্ষতা ও কর্ম তৎপরতার উপর ভিত্তি করে কুমিল্লা হাইওয়ে রিজিয়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) এর পুরস্কার প্রদান করা হয়েছে।
গতকাল ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বেলা ১১টায় কুমিল্লা ফান টাউনে আয়োজিত কুমিল্লা রিজিয়নের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হন কক্সবাজারের চকরিয়া মালুমঘাট হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান(আইজি ব্যাজপ্রাপ্ত)।
উক্ত অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় অফিসার ও ফোর্সদের কল্যাণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত সদস্যদের বক্তব্য শোনেন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সকলকে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী বিপিএম (সেবা)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার অর্জন করায় মালুমঘাট হাইওয়ে থানার কর্মকর্তা ও সদস্যদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি ভবিষ্যতে আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।
মালুম ঘাট হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমানের কাছে তার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,যে কোন ভালো কাজের স্বীকৃতি পেলে কাজের প্রতি উৎসাহ ও উদ্দীপনা বেড়ে যায়। এই স্বীকৃতি ভবিষ্যতে কর্মতৎপরতা ও পেশাদারিত্বের সাথে আরো ভালো কাজ করতে আমাকে উৎসাহ যোগাবে। আমাকে পুরস্কৃত করার জন্য ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী বিপিএম স্যার এবং পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।






