, ,

চট্টগ্রামে শ্রমিক পরিবারদের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের গোশত বিতরণ

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এ বছরও ঈদুল আযহা উপলক্ষে প্রায় চব্বিশ শত গরিব ও অসহায় শ্রমিক পরিবারে কুরবানির গোশত বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রতি বছরের মতো এবারও ফেডারেশন একটি সুসংগঠিত কর্মপরিকল্পনার মাধ্যমে তিনদিনব্যাপী এই গোশত বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে। কুরবানিদাতাদের থেকে সরাসরি কুরবানির পশু সংগ্রহ করে ফেডারেশনের তত্ত্বাবধানে জবাই করে বিতরণ করা হয়। পাশাপাশি দাতাদের কাছ থেকে সরাসরি সংগৃহীত গোশত ও দান-সদকার মাধ্যমে কেনা গরু ও ছাগল জবাই করেও শ্রমিক পরিবারের মাঝে গোশত পৌঁছে দেওয়া হয়।

এই গোশত বিতরণ কার্যক্রমে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, “আল্লাহর রহমত ও আপনাদের সহায়তায় আমরা প্রায় ২৪০০ শ্রমিক পরিবারে কুরবানির গোশত পৌঁছে দিতে পেরেছি। ঘরে ঘরে গিয়ে শ্রমিকদের হাতে আমরা এ উপহার পৌঁছে দিয়েছি। এই মহৎ উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

গোশত বিতরণ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করেন মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, অর্থ সম্পাদক মো. নুরুন্নবী, দফতর সম্পাদক স ম শামীমসহ মহানগরীর কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন থানা ও সেক্টরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এই উদ্যোগ সমাজের অসহায় ও দরিদ্র শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটিয়েছে বলে মন্তব্য করেন আয়োজকরা।
স্বদেশবিচিত্রা/এআর